গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক
দুইটি পূর্ণ সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক (গ.সা.গু.) হলো এমন একটি সংখ্যা, যা দিয়ে দুইটি সংখ্যাই নিঃশেষে বিভাজ্য, আর এর চেয়ে বড় এমন কোনো সংখ্যা নেই, যা দিয়ে দুইটি সংখ্যাই নিঃশেষে বিভাজ্য।
উদাহরণ হিসেবে 24 ও 32 সংখ্যা দুইটি নিই। এদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত? প্রথমেই আমরা এমন একটি সংখ্যা খুঁজি, যা দিয়ে দুইটি সংখ্যাই বিভাজ্য।
- যেমন, 12 দিয়ে 24 বিভাজ্য, কিন্তু 32 নয়, কারণ 32 / 12 এর মান 2.666…, যা পূর্ণ সংখ্যা নয়। তাই 12 সংখ্যাটি 24 ও 32 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হতে পারে না।
- আর 4? এটি দিয়ে দুইটি সংখ্যাই বিভাজ্য: 24 / 4 এর মান 6, 32 / 4 এর মান 8। তাই 4 আমাদের প্রথম প্রার্থী। এর চেয়ে বড় এমন কোনো সংখ্যা কি আছে, যা দিয়ে দুইটি সংখ্যাই বিভাজ্য?
- 8 দিয়ে 24 ও 32 দুইটিই বিভাজ্য, আর এটি 4 এর চেয়ে বড়।
- 8 এর চেয়ে বড় এমন কোনো সংখ্যা নেই, যা দিয়ে দুইটি সংখ্যাই বিভাজ্য। সুতরাং 24 ও 32 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 8।
গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয়ের ইউক্লিডীয় অ্যালগরিদম
ইউক্লিডীয় অ্যালগরিদম দিয়ে দুইটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করার একটি বেশ সহজ উপায় আছে। শুরুতে দুইটি সংখ্যা x ও y নিই, যাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে চাই। উদাহরণ হিসেবে x = 50 ও y = 35 সংখ্যা দিয়ে চেষ্টা করি। তারপর এভাবে এগোব:
- x / y ভাগ করে ভাগশেষটি মনে রাখি। এই ভাগশেষকে z দিয়ে লিখি। আমাদের উদাহরণে পাই 50 / 35, যার ভাগশেষ z = 15।
- এবার চলকগুলো বদলে দিই: x চলকে রাখি y এর মান, আর y তে রাখি z এর মান। x এর আগের মান ফেলে দিই। এই ধাপের পরে পাই x = 35 ও y = 15।
- এবার দেখি, y শূন্যের সমান কি না। হলে x সংখ্যাটিই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। y শূন্যের সমান নয়, তাই এগিয়ে যাই এবং প্রথম ধাপ থেকে পুরো প্রক্রিয়াটি আবার করি।
- আবার x / y ভাগ করি, অর্থাৎ 35 / 15, যার ভাগশেষ z = 5।
- চলকগুলো বদলে পাই x = 15 ও y = 5। y শূন্যের সমান নয়, তাই এগিয়ে যাই।
- x / y ভাগ করি, অর্থাৎ 15 / 5। ভাগশেষ z = 0।
- চলকগুলো বদলে পাই x = 5 ও y = 0।
- এখন y = 0, তাই অ্যালগরিদম শেষ। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো x = 5।
গুরুত্বপূর্ণ কথা হলো, সংখ্যাগুলোর ক্রমের কোনো গুরুত্ব নেই। উদাহরণের সংখ্যা দুইটি অদলবদল করলে পেতাম x = 35 ও y = 50। পদ্ধতি একই থাকত:
- x / y ভাগ করি, অর্থাৎ 35 / 50, যার ভাগশেষ z = 35।
- চলকগুলো বদলে পাই x = 50 ও y = 35।
- দেখতে পাচ্ছি, এই ধাপে আমরা শুধু x ও y চলকের মান অদলবদল করলাম…
ক্যালকুলেটর
এই ক্যালকুলেটর তোমার জন্য গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করবে।