✖

ধাঁধা

এগুলো মূলত এমন ধাঁধা, যা কোনো না কোনোভাবে আমার মনোযোগ কেড়েছে। ইন্টারনেটে খুঁজলে এমন আরও অনেক অনেক ধাঁধা পাবে। এই ধাঁধাগুলোর মজা হলো, এখানে কোথাও উত্তর দেওয়া নেই, তাই এগুলো তোমাকে সত্যিই ভাবতে বাধ্য করবে!

ডাকে মূল্যবান গয়না কীভাবে পাঠাবে?

আয়েশার ভাই করিম অস্ট্রেলিয়ায় থাকে। শিগগিরই করিমের বিয়ে, তাই আয়েশা তাকে নানির দেওয়া পুরোনো সোনার গয়না পাঠাতে চায়। আয়েশা একটু পুরোনো ধাঁচের মানুষ, কুরিয়ারে তার ভরসা নেই, তাই তাকে ডাকঘরের সেবাই নিতে হবে। কিন্তু বলা বাহুল্য, কোনো সুরক্ষা ছাড়া পার্সেলে গয়না পাঠাতে তার ভয় করে, কারণ পথে কেউ পার্সেল খুলে গয়না চুরি করতে পারে। তাই আয়েশা ঠিক করল, গয়নাগুলো সে একটি সিন্দুকে রাখবে, তারপর সিন্দুকটি তালা দিয়ে বন্ধ করবে এবং তালাবন্ধ সিন্দুকটিই পাঠাবে, যা চাবি ছাড়া কেউ খুলতে পারবে না।

বুদ্ধিটা ভালো, কিন্তু আয়েশা করিমকে চাবিটা দেবে কীভাবে? তাদের দেখা করার উপায় নেই। আয়েশা ডাকে চাবি পাঠালে বিপদ আছে: কোনো চালাক ডাকপিয়ন হয়তো আন্দাজ করে ফেলবে যে চাবিটি এই সিন্দুকেরই, আর তখন গয়না আবার তার হাতে। এখন উপায় কী? কীভাবে নিশ্চিত করা যায় যে কোনো দুষ্টু ডাকপিয়ন আয়েশার সুন্দর গয়নাগুলোর নাগাল পাবে না?

সমাধান অনেক। কিছু সহজ ও সরল, কিছু আরও জটিল। এমন একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা কর, যা এই শর্তগুলোও মেনে চলে:

  • ধরে নাও, আয়েশার গয়না হাতানোর ব্যাপারে ডাকপিয়নরা খুবই ধুরন্ধর। ডাকপিয়নরা পার্সেল পৌঁছাতে দেরি করতে পারে, চাবির নকল বানাতে পারে, ইত্যাদি।
  • ধরে নাও, আয়েশা ও করিম এরপর কেবল ইমেইলে যোগাযোগ করতে পারে, আর সেই ইমেইল দুষ্টু ডাকপিয়নরা আড়ি পেতে পড়ে। তাই তারা পাঠানোর পদ্ধতি, আয়েশা কখন পার্সেল পাঠাবে ইত্যাদি নিয়ে কথা বলে নিতে পারে, কিন্তু এমন কোনো গোপন তথ্য পাঠাতে পারে না, যা ডাকপিয়নরা জেনে যাবে না এবং কাজে লাগাতে পারবে না।
  • এমন একটি সমাধান খোঁজার চেষ্টা কর, যেখানে আয়েশার চাবি করিমের হাতে যায় না, অর্থাৎ আয়েশা পুরো সময় চাবিটি নিজের কাছেই রাখে, অস্ট্রেলিয়ায় পাঠায় না।
  • প্রশ্নে বলা আছে, আয়েশা ও করিম দেখা করতে পারবে না। আয়েশা পার্সেলটি তার বোনকে দেবে আর বোন সেটি অস্ট্রেলিয়ায় নিয়ে যাবে, এটি সত্যিই সমাধান নয়। ধরে নাও, শুধু ডাকপিয়নরাই অসৎ নয়। করিম ও আয়েশা ছাড়া প্রত্যেক মানুষই অবিশ্বস্ত, কাউকে মধ্যস্থতাকারী বা অন্য কোনো সহযোগী হিসেবে ব্যবহার করা যাবে না।
  • আর চিন্তার কিছু নেই, সিন্দুকটি অবিনশ্বর, চাবি ছাড়া ডাকপিয়নরা কখনোই এটি খুলতে পারবে না :-)।

হারানো প্রতীকের খোঁজ

এটি একটি সহজ ধাঁধা, যা মূলত তোমার পর্যবেক্ষণক্ষমতা যাচাই করে। নিচের ছবিতে (ছবিতে ক্লিক করলে বড় হবে) চারটি খোপ আছে, যা নানা ধরনের সাদা-কালো প্রতীকে ভরা। কিন্তু একটি খোপে একটি প্রতীক কম আছে। চারটি খোপের কোনো একটিতে কোন প্রতীকটি নেই, তা খুঁজে বের কর:

ভালুকের ধাঁধা

জনমানবহীন এক প্রান্তরে এক লোক একটি ভালুকের মুখোমুখি হলো। লোকটি ভালুকের দিকে তাকিয়ে আছে, ভালুক লোকটির দিকে তাকিয়ে আছে… দুইজনই হতভম্ব ও ভীত, আর দুইজনই দৌড়াতে শুরু করল। লোকটি দৌড়াচ্ছে উত্তর দিকে, ভালুক দৌড়াচ্ছে পশ্চিমে। হঠাৎ লোকটি থামল, একটু ভাবল, দক্ষিণ দিকে ফিরল, আর কিছুক্ষণ পর ভালুকটি তার সামনে এল এবং লোকটি তাকে গুলি করল। প্রশ্ন হলো: ভালুকটির রং কী ছিল?

জন্মদিন

  • “তোমার বয়স কত?”
  • “গত পরশু আমার বয়স ছিল 18, আর আগামী বছর আমার বয়স হবে 21।”

এটা কীভাবে সম্ভব?

গাণিতিক চিহ্ন

নিচের সংখ্যাগুলোর মাঝে নানা ধরনের গাণিতিক চিহ্ন ও প্রক্রিয়া বসাও, যাতে ফলাফল সত্য হয়:

1  1  1 = 6
2  2  2 = 6
3  3  3 = 6
4  4  4 = 6
5  5  5 = 6
6  6  6 = 6
7  7  7 = 6
8  8  8 = 6
9  9  9 = 6

উদাহরণ: 2 + 2 + 2 = 6। এটা সহজ ছিল, বাকিগুলো কঠিন :-)।

হারানো বর্ণ

নিচের ধারাটিতে একটি বর্ণ নেই। কোনটি?

ব জ আ শ ভ আ ক অ ? ম ফ চ

টেলিপ্যাথির ধাঁধা

এই ধাঁধাটি আমার বেশ পছন্দের। মনে হতে পারে, ধাঁধাটিতে কোনো সূত্র নেই, কিন্তু আসলে সেখানে যথেষ্টর চেয়েও বেশি সূত্র আছে:

  • “কী রে রহিম, কেমন আছিস?”
  • “এই তো, তানভীর, ভালোই আছি। শুধু আমার তিন ছেলে মাঝে মাঝে জ্বালায়।”
  • “তাই নাকি, আমার তো এখনো সে অভিজ্ঞতা হয়নি। আচ্ছা শোন, ওদের বয়স আসলে কত?”
  • “এটুকু বলতে পারি, ওদের বয়সের গুণফল 36।”
  • “তুই একটা ধুরন্ধর ;-)। কিন্তু এতে তো বয়স ঠিকঠাক বের করা যাচ্ছে না। আরেকটু কিছু বল।”
  • “আচ্ছা, বয়সের যোগফল তোর বাড়ির নম্বরের সমান।”
  • “তুই একটা বদমাশ! কিন্তু তাতেও তো হচ্ছে না। আর কোনো সূত্র নেই?”
  • “আমার বড় ছেলে ক্রিকেট খেলে, তোর মতোই।”
  • “বলিস কী! সে তো তাহলে পাক্কা খেলোয়াড়। যাক, ধন্যবাদ, এতেই হবে। তোর ছেলেদের বয়স কত, এখন আমি পুরোপুরি নিশ্চিত। ভালো থাকিস!”
  • “হ্যাঁ হ্যাঁ, তুইও ভালো থাকিস, আর এবার বিয়েটা করে ফেল!”

প্রশ্ন হলো: রহিমের ছেলেদের বয়স কত?

দুই মিথ্যাবাদী

রনি প্রতি সোমবার, মঙ্গলবার ও বুধবার মিথ্যা বলে, আর সনি মিথ্যা বলে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার। বাকি দিনগুলোতে দুইজনই সত্য বলে। একদিন তাদের দেখা হলো, আর এই কথোপকথন হলো:

  • রনি: “গতকাল আমি মিথ্যা বলেছিলাম।”
  • সনি: “হ্যাঁ, আমিও।”

আজ কী বার?