জোড় সংখ্যা বেশি, না বিজোড় সংখ্যা?
তোমার কী মনে হয়, কোন সংখ্যা বেশি? জোড়, না বিজোড়? নাকি দুটোই সমান? কীভাবে এটা বিচার করা যায়? আর অন্য সংখ্যাগুলোর কী হবে? জোড় সংখ্যা বেশি, না স্বাভাবিক সংখ্যা? স্বাভাবিক সংখ্যা বেশি, না মূলদ সংখ্যা? প্রশ্নগুলো খুব সহজ নয়, কারণ এই সব ধরনের সংখ্যাই অসীমসংখ্যক। তবু আমরা তুলনা করে বের করতে পারি, কোন সংখ্যা বেশি আর কোনটি কম।
প্রথমে সংখ্যার একটি ছোট সেট দিয়ে দেখা যাক। ধরি, সংখ্যার দুইটি সেট আছে: নীল সংখ্যা আর লাল সংখ্যা:
কোন সংখ্যা বেশি, তা কি কোনোভাবে বলা যায়? লাল, না নীল? স্পষ্টই দেখা যাচ্ছে যে… কী? তুমি বর্ণান্ধ, তাই স্পষ্ট দেখতে পাচ্ছ না? আচ্ছা, এখন থেকে লাল সংখ্যাগুলোকে বর্গাকার ঘরেও দেখাব:
বেশ, এবার স্পষ্ট দেখা যাচ্ছে যে নীল সংখ্যা লাল সংখ্যার চেয়ে বেশি। কাজটা সহজ ছিল, কারণ আমরা সংখ্যার সসীম সেট নিয়ে কাজ করছি, তাই এদের গুনে ফেলা যায়। দেখা যাচ্ছে, নীল সংখ্যা ছয়টি আর লাল মাত্র তিনটি। অসীম সেট এত সহজ হবে না, কারণ এদের গোনা যায় না। তাহলে চল, শিরোনামের প্রশ্নের উত্তর খুঁজি: জোড় সংখ্যা বেশি, না বিজোড় সংখ্যা? সুবিধার জন্য শুধু ধনাত্মক সংখ্যা নিই। কল্পনা কর, একটি থলে সব বিজোড় সংখ্যায় ভরা, আরেকটি থলে সব জোড় সংখ্যায় ভরা। কোন থলেটি বড়?
অসীমসংখ্যক সংখ্যা কল্পনা করাই সহজ নয়, আর এদের গোনা আরও কঠিন। সেটের আকার তুলনা করার অন্য কোনো উপায় কি নেই?
দুইটি সসীম সেটের তুলনা
কল্পনা কর, একটি থলে বরে ভরা আর একটি থলে কনেতে ভরা। প্রত্যেক বরের জন্য যদি একজন করে কনে থাকে এবং প্রত্যেক কনের জন্য একজন করে বর, তাহলে বলতে পারি যে বর আর কনের সংখ্যা সমান:
👰 👰 👰 👰 👰 👰
🤵 🤵 🤵 🤵 🤵 🤵
দেখতে পাচ্ছ? প্রথম সারির প্রত্যেক কনের দ্বিতীয় সারিতে নিজের একজন স্বামী আছে, আর উল্টোভাবে প্রত্যেক স্বামীর নিজের একজন স্ত্রী আছে। তবে অন্য রকম ঘটনাও ঘটতে পারে: প্রত্যেক কনের স্বামী আছে, কিন্তু প্রত্যেক স্বামীর কনে নেই:
👰 👰 👰 👰 👰 ❌
🤵 🤵 🤵 🤵 🤵 🤵
প্রত্যেক স্ত্রীর স্বামী আছে, কিন্তু একজন স্বামী স্ত্রী ছাড়াই মন খারাপ করে একা থেকে যায়। এই অবস্থায়, যখন একজন স্বামী বাড়তি থাকে, তখন বলতে পারি যে স্ত্রীর চেয়ে স্বামী বেশি। একইভাবে যদি একজন কনে বাড়তি থাকে,
👰 👰 👰 👰 👰 👰
🤵 🤵 🤵 🤵 🤵 ❌
তাহলে বলতে পারি যে স্বামীর চেয়ে কনে বেশি।
দুইটি অসীম সেটের তুলনা
দুইটি অসীম সেটের তুলনায়ও কি এই পদ্ধতি ব্যবহার করা যায়? প্রত্যেক বিজোড় সংখ্যাকে কোনো একটি জোড় সংখ্যার সঙ্গে এবং প্রত্যেক জোড় সংখ্যাকে কোনো একটি বিজোড় সংখ্যার সঙ্গে কি জোড়া মেলানো যায়, যেখানে কোনো সংখ্যা একাধিকবার ব্যবহার করা চলবে না? যায়! প্রত্যেক বিজোড় সংখ্যা n কে জোড় সংখ্যা n + 1 এর সঙ্গে জোড়া মেলাতে পারি। অর্থাৎ 5 এর জোড়া হবে 5 + 1, 149 এর জোড়া 150 ইত্যাদি। জোড়া মেলানো দেখানো হয়েছে নিচের অ্যানিমেশনে:
প্রত্যেক লাল বিজোড় সংখ্যার জন্য আছে একটি নিজস্ব নীল জোড় সংখ্যা, আর প্রত্যেক নীল জোড় সংখ্যার জন্য আছে একটি নিজস্ব লাল বিজোড় সংখ্যা। আমরা সব বিজোড় সংখ্যাকে সব জোড় সংখ্যার সঙ্গে জোড়া মেলাতে পেরেছি। এর মানে, জোড় আর বিজোড় সংখ্যা সমান সংখ্যক!
এটা খুব একটা অবাক করার মতো ছিল না, তাই না? এবার সংখ্যার অন্য সেটের তুলনা করে দেখি: সব স্বাভাবিক সংখ্যা বনাম জোড় সংখ্যা। এখানে ফলাফল আরও চমকে দেবে।
স্বাভাবিক সংখ্যা বেশি, না জোড় সংখ্যা?
কোন সংখ্যা বেশি? স্বাভাবিক, না জোড়?
স্পষ্টই দেখা যাচ্ছে যে স্বাভাবিক সংখ্যার মধ্যে সব জোড় সংখ্যা আছে। তা ছাড়া স্বাভাবিক সংখ্যায় আরও কিছু বাড়তি সংখ্যা আছে, অর্থাৎ বিজোড় সংখ্যা। তাহলে তো পরিষ্কার যে স্বাভাবিক সংখ্যাই বেশি হবে, এতে তো দ্বিগুণ সংখ্যা আছে!
আহা, জীবন যদি এত সহজ হতো!
একটি সেটে কিছু বাড়তি সংখ্যা আছে কি না, তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আমাদের জানার বিষয় হলো, দুইটি ভিন্ন সেটের সংখ্যাগুলোকে কোনোভাবে জোড়া মেলানো যায় কি না। প্রত্যেক জোড় সংখ্যাকে প্রত্যেক স্বাভাবিক সংখ্যার সঙ্গে কি জোড়া মেলাতে পারি? যদিও স্বাভাবিক সংখ্যা বেশি? হ্যাঁ, পারি।
প্রত্যেক স্বাভাবিক সংখ্যা p কে সহজেই জোড় সংখ্যা 2 · p এর সঙ্গে জোড়া মেলাতে পারি, আর উল্টোভাবে প্রত্যেক জোড় সংখ্যা n কে স্বাভাবিক সংখ্যা n / 2 এর সঙ্গে। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা 5 এর জোড়া জোড় সংখ্যা 10, আর জোড় সংখ্যা 14 এর জোড়া স্বাভাবিক সংখ্যা 7 ইত্যাদি। প্রথম কয়েকটি সংখ্যার জোড়া মেলানো দেখানো হয়েছে নিচের অ্যানিমেশনে:
হঠাৎ দেখা যাচ্ছে, প্রত্যেক স্বাভাবিক সংখ্যার জন্য আছে একটি নিজস্ব জোড় সংখ্যা, আর প্রত্যেক জোড় সংখ্যার জন্য একটি নিজস্ব স্বাভাবিক সংখ্যা! স্বাভাবিক সংখ্যা বেশি হলেই বা কী? দুই ধরনের সংখ্যাই অসীমসংখ্যক, কখনোই ফুরাবে না। তাই আমাদের দৃষ্টিতে জোড় সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যার সেটের সমান বড়! 😱
ব্যাপারটা খানিক অস্বাভাবিক মনে হয়, কিন্তু এটাই সত্য।
স্বাভাবিক সংখ্যা বেশি, না মূলদ সংখ্যা?
মূলদ সংখ্যা হলো ভগ্নাংশ। যেসব সংখ্যাকে p/q আকারে লেখা যায়, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q ≠ 0, সেগুলোই মূলদ সংখ্যা। যেমন, ½, ¾ বা 8 মূলদ সংখ্যা, কিন্তু π মূলদ সংখ্যা নয়। মূলদ সংখ্যা স্বাভাবিক সংখ্যার চেয়ে অনেক বেশি। যেমন, 2 আর 4 এর মাঝে পূর্ণ সংখ্যা মাত্র একটি, সেটি 3, কিন্তু মূলদ সংখ্যা অসীমসংখ্যক। এমনকি 0.001 আর 0.002 এর মাঝেও অসীমসংখ্যক মূলদ সংখ্যা আছে। মূলদ সংখ্যা এতই বেশি!
তাই মনে হতে পারে, মূলদ সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যার সেটের চেয়ে বড় হতে বাধ্য। আবার আমরা সবাই কেমন যেন আঁচ করছি যে এর মধ্যে কোনো একটা প্যাঁচ আছে। বেশ, চল মূলদ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যার সঙ্গে জোড়া মেলানোর চেষ্টা করি। শুরুতে মূলদ সংখ্যাগুলোকে এরকম একটি সারণিতে লিখি:
নকশাটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে: প্রথম সারির সব ভগ্নাংশের লব (ভগ্নাংশ রেখার ওপরে) 1, আর হরে ক্রমে বাড়তে থাকা সংখ্যা 1, 2, 3 ইত্যাদি। কলামে উল্টো। অসীম পর্যন্ত চালিয়ে গেলে এই সারণিতে সব ভগ্নাংশই থাকবে। যেমন, 1478/517 ভগ্নাংশটি আছে 1478 তম সারি ও 517 তম কলামে। এবার আমাদের জোড়া মেলানোর ফাংশন তৈরির চেষ্টা করি। এটি এভাবে তৈরি করা যেত:
- স্বাভাবিক সংখ্যা 1 এর জোড়া প্রথম সারির প্রথম ভগ্নাংশ, অর্থাৎ 1/1
- স্বাভাবিক সংখ্যা 2 এর জোড়া প্রথম সারির দ্বিতীয় ভগ্নাংশ, অর্থাৎ 1/2
- স্বাভাবিক সংখ্যা 3 এর জোড়া প্রথম সারির তৃতীয় ভগ্নাংশ, অর্থাৎ 1/3
- স্বাভাবিক সংখ্যা 4 এর জোড়া প্রথম সারির চতুর্থ ভগ্নাংশ, অর্থাৎ 1/4
- …
এভাবে কি সব স্বাভাবিক সংখ্যার জোড়া মেলানো গেল? হ্যাঁ। প্রত্যেক স্বাভাবিক সংখ্যার নিজের জোড়া আছে। স্বাভাবিক সংখ্যা 174 এর জোড়া 1/174 ভগ্নাংশ। কিন্তু উল্টোটাও কি সত্য? প্রত্যেক ভগ্নাংশের কি স্বাভাবিক সংখ্যার মধ্যে জোড়া আছে? 2/3 ভগ্নাংশের জোড়া কোনটি? কোনোটিই নয়, কারণ আমাদের জোড়া মেলানোর ফাংশন কখনো দ্বিতীয় সারিতে পৌঁছায় না। আমরা শুধু ভগ্নাংশের প্রথম সারির জোড়া মেলাতে পেরেছি।
এর মানে কি মূলদ সংখ্যা স্বাভাবিক সংখ্যার চেয়ে বেশি? দুর্ভাগ্যবশত না। একটি কৌশল কাজ না করলেই যে অন্য কৌশলও কাজ করবে না, তা নয়। এবার কোণাকুণি রেখা (কর্ণ) ধরে এগোনোর চেষ্টা করি:
- স্বাভাবিক সংখ্যা 1 এর জোড়া 1/1 ভগ্নাংশ (প্রথম কর্ণ),
- স্বাভাবিক সংখ্যা 2 এর জোড়া 1/2 ভগ্নাংশ (দ্বিতীয় কর্ণ),
- স্বাভাবিক সংখ্যা 3 এর জোড়া 2/1 ভগ্নাংশ (দ্বিতীয় কর্ণ),
- স্বাভাবিক সংখ্যা 4 এর জোড়া 1/3 ভগ্নাংশ (তৃতীয় কর্ণ),
- স্বাভাবিক সংখ্যা 5 এর জোড়া 2/2 ভগ্নাংশ (তৃতীয় কর্ণ),
- স্বাভাবিক সংখ্যা 6 এর জোড়া 3/1 ভগ্নাংশ (তৃতীয় কর্ণ),
- ইত্যাদি।
জোড়া মেলানোর এই কৌশল অ্যানিমেশনে দেখে নিতে পার:
এভাবে সব ভগ্নাংশ ঢেকে ফেলা যায়। কোনো কর্ণই অসীম নয়, তাই কোনো কর্ণে আমরা “চিরকালের জন্য” আটকে যাব না। শেষ পর্যন্ত প্রত্যেক ভগ্নাংশের সঙ্গে কোনো একটি স্বাভাবিক সংখ্যা যুক্ত হবে, আর অবশ্যই প্রত্যেক স্বাভাবিক সংখ্যার সঙ্গে যুক্ত হবে একটি নিজস্ব ভগ্নাংশ।
আসলে… পুরোপুরি নয়। ভগ্নাংশের সারণিটি আবার দেখলে বোঝা যায় যে সেখানে অনেক সংখ্যা বারবার এসেছে। যেমন, 1/1, 2/2, 3/3 ইত্যাদি ভগ্নাংশ একই সংখ্যা, অর্থাৎ 1 বোঝায়। একইভাবে 1/2, 2/4 ও 3/6 ভগ্নাংশ বোঝায় অর্ধেক। ফলে আমরা আসলে স্বাভাবিক সংখ্যা 1, 5, 13 ইত্যাদিকে একই মূলদ সংখ্যা 1 এর সঙ্গে মিলিয়ে ফেলছি! কয়েকজন বর একই কনেকে বিয়ে করছে। এটা তো চলবে না!
সৌভাগ্যক্রমে এটা সহজেই ঠিক করা যায়। সারণি থেকে আমরা শুধু সেই সব ভগ্নাংশ কেটে দিই, যেগুলো লঘিষ্ঠ আকারে নেই, অর্থাৎ যেগুলোকে লঘিষ্ঠ আকারে আনা যায়। কেটে দেওয়ার পর সারণিতে থাকবে শুধু ভিন্ন ভিন্ন মূলদ সংখ্যা, আর কর্ণ ধরে এগোনোর কৌশলটি কাজ করবে। প্রত্যেক স্বাভাবিক সংখ্যার জোড়া হবে একটি নিজস্ব মূলদ সংখ্যা, আর উল্টোভাবেও।
এর মানে, স্বাভাবিক সংখ্যার সেট মূলদ সংখ্যার সেটের সমান বড়!
এখন পর্যন্ত মনে হচ্ছে সব অসীম সেটই সমান বড়। এমন কোনো অসীম সেট কি আছে, যা স্বাভাবিক সংখ্যার সেটের চেয়ে বড়?
স্বাভাবিক সংখ্যা বেশি, না বাস্তব সংখ্যা?
এবার খেলায় নামছে আমাদের শেষ ভরসা: বাস্তব সংখ্যা। সংখ্যারেখায় এর বাইরে আর কোনো সংখ্যা নেই। বাস্তব সংখ্যা দেখতে কেমন? বাস্তব সংখ্যার মধ্যে আছে সব মূলদ সংখ্যা এবং এর সঙ্গে সব অমূলদ সংখ্যা। সংখ্যাকে দশমিক আকারে লিখলে মূলদ সংখ্যার
- হয় সসীম দশমিক বিস্তার থাকে, যেমন 0.4841554,
- নয়তো অসীম আবৃত্ত দশমিক বিস্তার থাকে: 0.1313131313…
অন্যদিকে অমূলদ সংখ্যার দশমিক বিস্তার সবসময় অসীম এবং অনাবৃত্ত। যেমন, π একটি অমূলদ সংখ্যা, যার মান 3.141592653… (কোনো আবৃত্ত অংশ নেই)। আগেই বলে রাখি, বাস্তব সংখ্যা মূলদ সংখ্যার চেয়ে, তাই স্বাভাবিক সংখ্যার চেয়েও, অনেক বেশি। বাস্তব সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যার সেটের চেয়ে বড়। কিন্তু এটা প্রমাণ করব কীভাবে?
ধরি, আমরা সব স্বাভাবিক সংখ্যাকে সব বাস্তব সংখ্যার সঙ্গে জোড়া মেলানোর কোনো একটা কৌশল খুঁজে পেয়েছি। ধরা যাক, কৌশলটি এরকম:
1 → 0.3452807674449021… 2 → 0.8978319745321683… 3 → 0.8972169570849831… 4 → 0.0635759905832629… 5 → 0.0081863365749335… 6 → 0.4000559394278442… 7 → 0.8637537627594889… …
ধরে নিই, বাঁ দিকে আছে সব স্বাভাবিক সংখ্যা আর ডান দিকে সব বাস্তব সংখ্যা। এটা সত্য হলে আমরা এমন কোনো বাস্তব সংখ্যা খুঁজে পেতাম না, যা ডান দিকে নেই। আগেই যেহেতু ফাঁস করে দিয়েছি যে বাস্তব সংখ্যার সেট বড়, তার মানে ডান দিকে কোনো একটি সংখ্যা বাদ পড়েছে। ঠিক আছে, কিন্তু কোনটি? যেমন, দেখা যাচ্ছে 0.4818063607183678 সংখ্যাটি সেখানে নেই। কিন্তু যদি এটি 8 নম্বরের নিচে লুকিয়ে থাকে?
1 → 0.3452807674449021… 2 → 0.8978319745321683… 3 → 0.8972169570849831… 4 → 0.0635759905832629… 5 → 0.0081863365749335… 6 → 0.4000559394278442… 7 → 0.8637537627594889… 8 → 0.4818063607183678 …
আর 0.4208424736008147 সংখ্যাটি? এটিও সেখানে দেখছি না। কিন্তু যদি এটি নয় নম্বরের নিচে লুকিয়ে থাকে?
1 → 0.3452807674449021… 2 → 0.8978319745321683… 3 → 0.8972169570849831… 4 → 0.0635759905832629… 5 → 0.0081863365749335… 6 → 0.4000559394278442… 7 → 0.8637537627594889… 8 → 0.4818063607183678 9 → 0.4208424736008147 …
এভাবে হবে না। জোড়াগুলো অসীমসংখ্যক, তাই সবগুলো লিখে দেখানো অবশ্যই সম্ভব নয়। ফলে কোনো সংখ্যা সেখানে আছে কি নেই, তা শুধু আন্দাজে বলা যায় না। আমাদের এমন একটি সংখ্যা খুঁজতে হবে, যা সারণির ডান দিকের সব সংখ্যা থেকে আলাদা, যদিও ডান দিকে কোন কোন সংখ্যা আছে তা আমরা জানি না। এটা কীভাবে করব?
দুইটি সংখ্যা আলাদা হওয়ার জন্য একটি অঙ্কে আলাদা হলেই যথেষ্ট। যেমন, 0.123456 আর 0.123457 সমান নয়, যদিও এরা আলাদা কেবল একটি অঙ্কে। এটুকুই আমাদের দরকার। তাই সারণিতে প্রতিটি n তম বাস্তব সংখ্যার দশমিক বিন্দুর পরের n তম অঙ্কটি চিহ্নিত করি:
1 → 0.3452807674449021… 2 → 0.8978319745321683… 3 → 0.8972169570849831… 4 → 0.0635759905832629… 5 → 0.0081863365749335… 6 → 0.4000559394278442… 7 → 0.8637537627594889… 8 → 0.4818063607183678 9 → 0.4208424736008147 …
এবং নতুন সংখ্যাটি এমনভাবে গঠন করি, যেন দশমিক বিন্দুর পরের n তম অঙ্কে এটি n তম বাস্তব সংখ্যার n তম অঙ্ক থেকে আলাদা হয়। তাই নতুন সংখ্যাটি শুরু করি শূন্য দিয়ে: 0.???, আর দশমিক বিন্দুর পরের প্রথম অঙ্কটি এমনভাবে বাছি, যেন এটি প্রথম বাস্তব সংখ্যার প্রথম অঙ্ক থেকে, অর্থাৎ 3 থেকে আলাদা হয়। যেমন লিখি 0.1???। দ্বিতীয় অঙ্কটিকে দ্বিতীয় বাস্তব সংখ্যার দ্বিতীয় অঙ্ক থেকে আলাদা হতে হবে, অর্থাৎ 9 এর সমান হওয়া চলবে না। যেমন লিখি 2: 0.12???। এভাবে চলতে থাকে। তাহলে প্রথম নয়টি অঙ্ক দেখতে হতে পারে এরকম: 0.123123127 (সারণির শেষ সারি দেখ):
1 → 0.3452807674449021… 2 → 0.8978319745321683… 3 → 0.8972169570849831… 4 → 0.0635759905832629… 5 → 0.0081863365749335… 6 → 0.4000559394278442… 7 → 0.8637537627594889… 8 → 0.4818063607183678 9 → 0.4208424736008147 ? → 0.123123127
দেখা যাচ্ছে, এই সংখ্যাটি সব সংখ্যা থেকে আলাদা, কারণ প্রতিটি সংখ্যা থেকে এটি অন্তত একটি অঙ্কে আলাদা। সারণিতে অসীমসংখ্যক সংখ্যা থাকলেও আমাদের নতুন সংখ্যাটি অসীমসংখ্যক অঙ্ক দিয়ে এমনভাবে গঠিত যে সারণির প্রতিটি সংখ্যা থেকে এটি অন্তত একটি অঙ্কে আলাদা। আরও লক্ষ কর, সারণিতে নেই এমন অসীমসংখ্যক সংখ্যা আমরা গঠন করতে পারি! এ থেকে কী বোঝা যায়? স্বাভাবিক সংখ্যাকে বাস্তব সংখ্যার সঙ্গে জোড়া মেলানো আমাদের পক্ষে সম্ভব নয়। সবসময় অসীমসংখ্যক বাস্তব সংখ্যা থেকে যাবে, যাদের কোনো স্বাভাবিক সংখ্যার সঙ্গে জোড়া মেলানো হয়নি। বাস্তব সংখ্যা স্বাভাবিক সংখ্যার চেয়ে অনেক বেশি।
শেষ কথা
- সরলতার জন্য পুরো প্রবন্ধে আমরা ঋণাত্মক সংখ্যা বাদ দিয়েছি। অবশ্যই এতে কিছুই বদলায় না। বাড়ির কাজ হিসেবে তুমি এখানে বলা জোড়া মেলানোর কৌশলগুলো এমনভাবে বদলে নিতে পার, যেন ঋণাত্মক সংখ্যার জন্যও কাজ করে।
- স্বাভাবিক সংখ্যার সেটের আকারের এমনকি একটি নিজস্ব নামও আছে। একে বলা হয় আলেফ-শূন্য।
- গণিতে “সেটের আকার” এর বদলে প্রায়ই সেটের কার্ডিনালিটি (সংখ্যাত্ব) কথাটি ব্যবহার করা হয়।