✖

সংযোগ বিধি

সংযোগ বিধি (associativity) হলো যোগ বা গুণের মতো প্রক্রিয়ার একটি বৈশিষ্ট্য। যোগের নিচের দুইটি লেখা ভালো করে দেখ:

(1+2)+31+(2+3)

রাশি দুইটির পার্থক্য কেবল বন্ধনীর অবস্থানে। কিন্তু ফলাফল কি আলাদা? দুইটি রাশিই একই ফলাফল দেয়, যোগফল সবসময় 6। বন্ধনীর অবস্থান ফলাফলে কোনো প্রভাব না ফেললে আমরা বলি, প্রক্রিয়াটি সংযোগ বিধি মেনে চলে। আরও নির্ভুলভাবে লিখতে পারি: a ∘ b প্রক্রিয়াটি সংযোগ বিধি মেনে চলে, যদি

(a∘b)∘c=a∘(b∘c)

সংযোগ বিধি মেনে চলে এমন আরেকটি প্রক্রিয়া হলো গুণ, কারণ

(2⋅3)⋅4=2⋅(3⋅4)=24

যে প্রক্রিয়াগুলো সংযোগ বিধি মেনে চলে না

বিয়োগ সংযোগ বিধি মেনে চলে না। উদাহরণ হিসেবে (10 − 4) − 3 রাশিটি নিই। প্রথমে বন্ধনীর ভেতরের বিয়োগফল নির্ণয় করে পাই 6 − 3, যার মান 3। কিন্তু 10 − (4 − 3) নির্ণয় করতে গেলে আবারও প্রথমে বন্ধনীর ভেতরের অংশ নির্ণয় করে পাই 10 − 1, যার মান 9। সুতরাং বিয়োগ প্রক্রিয়া সংযোগ বিধি মেনে চলে না।

একইভাবে ভাগ প্রক্রিয়াও সংযোগ বিধি মেনে চলে না। উদাহরণ হিসেবে (64 / 4) / 2 রাশিটি নিই। প্রথমে বন্ধনী নির্ণয় করে পাই 16/2, যার মান 8। কিন্তু বন্ধনী অন্য জায়গায় বসালে পাই 64 / (4 / 2), আর বন্ধনী নির্ণয়ের পরে থাকে 64 / 2, যার মান 32। অর্থাৎ ভাগ প্রক্রিয়া সংযোগ বিধি মেনে চলে না।

সংযোগ বিধি মেনে চলে না এমন আরেকটি পরিচিত প্রক্রিয়া হলো ঘাত:

(23)4≠2(34)

সংযোগ বিধি একটিমাত্র প্রক্রিয়ার জন্য!

খেয়াল রাখ, সংযোগ বিধি সবসময় একটিমাত্র প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। তিনটি সংখ্যার রাশিতে একই প্রক্রিয়া না থাকলে সংযোগ বিধি ব্যবহার করা যায় না। উদাহরণ:

(1+2)⋅3

এই রাশিতে দুইটি প্রক্রিয়া আছে: যোগ ও গুণ। প্রক্রিয়া দুইটি আলাদাভাবে সংযোগ বিধি মেনে চলে, তবু এখানে সংযোগ বিধি ব্যবহার করা যায় না। অর্থাৎ রাশিটিকে এভাবে বদলানো যায় না:

1+(2⋅3)

কারণ রাশিতে দুইটি ভিন্ন প্রক্রিয়া আছে। সংযোগ বিধি ব্যবহার করতে হলে দুইটি প্রক্রিয়াই যোগ, অথবা দুইটিই গুণ হতে হতো।

সেটের ছেদ ও সংযোগ

সেটের ছেদ সংযোগ বিধি মেনে চলে। উদাহরণ:

({1,2,3}∩{1,3,5})∩{1,5,7}

এখানে প্রথমে বন্ধনীর ভেতরের সেটগুলোর ছেদ নির্ণয় করে পাই

{1,3}∩{1,5,7}

আর এই সেটগুলোর ছেদ {1}। বন্ধনী সরিয়ে বসালে পেতাম

{1,2,3}∩({1,3,5}∩{1,5,7})

আর বন্ধনী নির্ণয়ের পরে:

{1,2,3}∩{1,5}

আবারও পেতাম {1}। দেখতে পাচ্ছি, বন্ধনীর অবস্থানের কোনো গুরুত্ব নেই, তাই সেটের ছেদ সংযোগ বিধি মেনে চলে। একইভাবে সেটের সংযোগ প্রক্রিয়াও সংযোগ বিধি মেনে চলে।

শব্দ জোড়া দেওয়া (কনক্যাটেনেশন)

কল্পনা কর, শব্দের অংশের জন্য একটি যোগ প্রক্রিয়া আছে, যার অর্থ শুধু অংশগুলো জোড়া দেওয়া। অর্থাৎ “বই” + “মেলা” হবে “বইমেলা” শব্দটি। এমন প্রক্রিয়া সংযোগ বিধি মেনে চলবে। যেমন, (“রেল” + “গা”) + “ড়ি” লিখলে প্রথমে বন্ধনীর যোগ থেকে পেতাম “রেলগা” + “ড়ি”, যা থেকে পাই “রেলগাড়ি” শব্দটি। বন্ধনী সরিয়ে বসালে, “রেল” + (“গা” + “ড়ি”), বন্ধনীর যোগের পরে পেতাম “রেল” + “গাড়ি”, যা থেকে আবারও পাই “রেলগাড়ি” শব্দটি।

গুরুমান ও লঘুমান সংযোগ বিধি মেনে চলে

ধরি, একটি প্রক্রিয়া a ∨ b, যা দুইটি সংখ্যার মধ্যে বড়টি দেয়। এমন প্রক্রিয়া সংযোগ বিধি মেনে চলবে। যেমন, (5 ∨ 10) ∨ 7 কে বদলে পেতাম 10 ∨ 7, যার মান 10। তিনটি সংখ্যার মধ্যে 10 সবচেয়ে বড়। বন্ধনী সরিয়ে বসালে পেতাম 5 ∨ (10 ∨ 7), তা থেকে 5 ∨ 10, যার মান আবারও 10।

ছোটটি দেয় এমন প্রক্রিয়াও ঠিক একই রকম আচরণ করত।

সূচিপত্র: বিনিময় বিধি, সংযোগ বিধি, বণ্টন বিধি